বিমা থাকা সত্ত্বেও চিকিৎসার কত শতাংশ খরচ গুনতে হবে পকেট থেকে?
বার্তা ডেস্কঃ
স্বাস্থ্য বিমায় পণ্য ও পরিষেবা কর বা জিএসটি প্রত্যাহারের ফলে মাসিক কিস্তি কমলেও, এবার আসছে বড় ধাক্কা। জেনারেল ইনসিওরেন্স কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী, সমস্ত স্বাস্থ্য বিমায় বাধ্যতামূলক ‘সহ-পরিশোধ’ বা ‘কো-পেমেন্ট’ ব্যবস্থা চালুর চিন্তাভাবনা চলছে। এই প্রস্তাব কার্যকর হলে চিকিৎসার ব্যয়ের একটি সুনির্দিষ্ট অংশ বিমা সংস্থা বহন করলেও, বাকি ন্যূনতম ১০ শতাংশ অর্থ বিমাকারীকে নিজের পকেট থেকেই মেটাতে হবে। বর্তমানে এই নিয়মটি কেবল ৬০ বছরের বেশি বয়সীদের জন্য প্রযোজ্য থাকলেও, তা সমস্ত গ্রাহকের জন্য বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হচ্ছে।
এই যৌথ পেমেন্ট ব্যবস্থা বাধ্যতামূলক হলে গ্রাহকদের চিকিৎসার খরচ অনেকটাই বাড়বে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। প্রস্তাবিত এই নিয়মে প্রতিটি দাবির বিপরীতে রোগীর পরিবারকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত বহন করতে হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও বিমার কিস্তির অঙ্ক কিছুটা কমানোর সম্ভাবনা রয়েছে, তবুও চিকিৎসার সময়ে অতিরিক্ত আর্থিক বোঝা এড়ানো যাবে না। ফলে জিআইসির এই নতুন নিয়ম চালুর বিষয়ে চূড়ান্ত সিলমোহর পড়লে তা মধ্যবিত্তের সঞ্চয়ে বড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।