সম্পর্ক ছিন্ন করার নির্মম পরিণতি! হাত বেঁধে গলা কেটে যুবককে খুন, গ্রেপ্তার অভিযুক্ত
বার্তা ডেস্কঃ
মুর্শিদাবাদের ফরাক্কায় সমকামী সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করায় এক পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার ঝাড়খণ্ড লাগোয়া ইমামনগর গ্রাম পঞ্চায়েতের আমতলা এলাকার একটি ধানের জমি থেকে ২২ বছরের মোবারক শেখ নামের ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর দুই হাত বাঁধা ছিল এবং গলার নলি কাটা ছিল। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ তদন্তে নেমে মোবাইল ফোনের কল লিস্ট এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৩২ বছরের নাসিরুদ্দিন শেখ ওরফে মিস্টারকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, বছর খানেক আগে ওড়িশায় কাজের সুবাদে দুজনের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। সম্প্রতি মোবারক সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে বিরোধ শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার রাতে আমতলার নির্জন ধান ক্ষেতে দুজনে মদ্যপান করেন এবং মোবারক আচ্ছন্ন হয়ে পড়লে তাঁর হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়। ধৃত ব্যক্তি জেরায় অপরাধের কথা স্বীকার করেছে।