বিশ্বমঞ্চে ঝড় তুলল ভারতীয় পণ্য, খাদি বিক্রির নতুন রেকর্ডে গর্বিত মোদি!
বার্তা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৯ তম পর্বে ‘ভোকাল ফর লোকাল’ ভাবনার গুরুত্ব তুলে ধরে জানান, এই চেতনা বিশ্ব বাজারে ভারতীয় পণ্যের নতুন পরিচিতি তৈরি করেছে। উদাহরণ হিসেবে তিনি বিহারের মাখনা গ্রিসে এবং কর্নাটকের অড়হর ডাল মালদ্বীপে রপ্তানির কথা উল্লেখ করেন। এই পদক্ষেপ ভারতীয় কৃষকদের জন্য আন্তর্জাতিক বাজারের দুয়ার খুলে দিচ্ছে বলে তিনি জানান। পাশাপাশি, উদয়মান এই উদ্যোগগুলির মধ্যে মহারাষ্ট্রের আদিবাসী হস্তশিল্প ‘শাবারি ন্যাচারালস’-এর জাপানে ‘গুড ডিজাইন অ্যাওয়ার্ড’ জয় এবং কর্নাটকের বাঁশভিত্তিক স্টার্টআপের উদ্ভাবনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
আগামী উৎসবের মরসুমে দেশবাসীকে স্থানীয় পণ্য কেনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি স্থানীয় শিল্পীদের কঠোর পরিশ্রমকে উৎসাহিত করে আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়িত করবে। তিনি জানান, এ বছর গান্ধী জয়ন্তীতে খাদি ও গ্রামীণ শিল্পের পণ্য একদিনেই রেকর্ড ২৮ কোটি টাকার বেশি বিক্রি হয়েছে, যা আগের বছরের চেয়ে দেড় কোটি টাকা বেশি। প্রসঙ্গত, ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১২ বছর পূর্তিতে আবেগপ্লুত প্রধানমন্ত্রী অনুষ্ঠানটিকে নিজের কাছে ‘তীর্থযাত্রা’র সমতুল্য বলে বর্ণনা করেন এবং দেশের সাধারণ মানুষের অসাধারণ সাফল্যই এর মূল প্রাণশক্তি বলে জানান।