বারাণসীর আকাশে রাফালের অবিশ্বাস্য গর্জন, মোদী মুগ্ধ!
বার্তা ডেস্কঃ
বারাণসীর নমো ঘাটে রবিবার সমাপনী দিনে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ভারতীয় বায়ুসেনার এয়ার শো ‘উইংস ওভার গঙ্গা’। বায়ুসেনার ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই তিন দিনের মহড়ার শেষ দিনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বারণসীর আকাশে সুখোই-৩০ এমকেআই, তেজস, এলসিএইচ প্রচণ্ড যুদ্ধবিমান এবং ‘সূর্য কিরণ অ্যারোব্যাটিক’ টিমের নিখুঁত কৌশল প্রদর্শন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এদিনের শো-এর সবচেয়ে বড় আকর্ষণ ছিল তিনটি রাফালে যুদ্ধবিমানের নজরকাড়া ‘নীলকণ্ঠ’ ফরমেশন এবং মি-১৭ হেলিকপ্টারগুলির ‘ওঙ্কার’ ফরমেশন।
প্রধানমন্ত্রী নমো ঘাটে পৌঁছতেই বারণসীর সর্বস্তরের মানুষ তাঁকে অভূতপূর্ব অভ্যর্থনা জানান। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গোলাপের পাপড়ি ছিটিয়ে সাধারণ মানুষ প্রিয় নেতাকে স্বাগত জানানোর সময় পুরো এলাকা ‘হর হর মহাদেব’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। গাড়ির ফুটবোর্ডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীও জনতাকে করজোড়ে অভিবাদন জানান। আকাশপথে বায়ুসেনার শক্তি প্রদর্শন এবং স্থলভাগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বারাণসীর এই বর্ণিল অনুষ্ঠান এক ঐতিহাসিক মাত্রা লাভ করে।