মাসের পর মাস ভাড়া বকেয়া, ঘরে বসেই ৩৭ লক্ষ টাকা ছাপালেন ভাড়াটে!

বার্তা ডেস্কঃ

মাসের পর মাস বাড়িভাড়া বকেয়া থাকায় নাগপুরের ত্রিমূর্তি নগর এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনা প্রকাশ্যে এসেছে। খারবি এলাকার একটি ভাড়াবাড়িতে চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও বাড়ি না ছাড়ায় এবং ভাড়া মেটানো বন্ধ রাখায় বাড়িওয়ালা রমেশ ওই ব্যক্তির ঘরে প্রবেশ করেন। দীর্ঘদিন ধরে অভিযুক্ত পুষ্পক কৃষ্ণ ভাণ্ডারকারী ভাড়া না দিয়ে এবং বকেয়া চাইতে গেলে ছুরি নিয়ে তেড়ে আসার মতো হুমকি দিতেন বলে অভিযোগ। অবশেষে সন্দেহজনক পরিস্থিতিতে পুলিশে খবর দেওয়া হলে ঘর থেকে উদ্ধার হয় প্রায় ৩৭ লক্ষ টাকার জাল নোট এবং আরও লক্ষাধিক টাকার নোট ছাপানোর সরঞ্জাম।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পুষ্পক ভাণ্ডারকারী দীর্ঘদিন ধরে ওই বাড়িতে লোকচক্ষুর আড়ালে জাল নোট তৈরির কাজ চালাচ্ছিলেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন এবং বর্তমানে মুম্বইয়ে গা ঢাকা দিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় পুলিশ প্রশাসন এই জাল নোট চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এই জাল নোট ইতোমধ্যে বাজারে ছড়িয়ে পড়েছে কি না, তা খতিয়ে দেখতে গোটা মহারাষ্ট্রজুড়ে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *