অরুণাচলে সিয়াং বাঁধ ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি, জারি ১৬৩ ধারা!
বার্তা ডেস্কঃ
অরুণাচল প্রদেশের সিয়াং নদীর উপর প্রস্তাবিত ১১ হাজার মেগাওয়াটের ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রোজেক্ট’ (SUMP) কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিয়েছে ইস্ট সিয়াং জেলা। চিন তিব্বতে বিশ্ববৃহৎ বাঁধ নির্মাণ করায় ভারতের কৌশলগত ও পরিবেশগত নিরাপত্তার তাগিদে এই প্রকল্প হাতে নেওয়া হলেও, স্থানীয় আদিবাসীদের দাবি এতে বহু গ্রাম প্লাবিত হবে এবং জমি-জীবিকা বিনষ্ট হবে। শুক্রবার ১২ ঘণ্টার বনধের পর আন্দোলন তীব্র হয়ে উঠলে উত্তেজিত জনতা এনএইচপিসির দফতর, থানা ও একাধিক গাড়িতে আগুন লাগায় এবং বেশ কিছু জনপ্রতিনিধির বাড়িতে ভাঙচুর চালায়। এই রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ ও সিআরপিএফের অন্তত ৪০ জন জওয়ান আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুম্বই থেকে এয়ারলিফট করে সিআরপিএফের ২ কো ম্পা নি র্যাফ পাঠিয়েছে কেন্দ্র এবং সংশ্লিষ্ট এলাকায় ১৬৩ ধারা জারি করে সব ধরনের জমায়েত ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু হিংসা বর্জনের আহ্বান জানিয়ে স্পষ্ট করেছেন যে, গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অধিকার হলেও তাণ্ডব বরদাস্ত করা হবে না এবং জনগণের সম্মতি ছাড়া প্রকল্প এগোনো হবে না। প্রকৃতপক্ষে, বেজিং নদীর নিম্ন অববাহিকায় জলপ্রবাহ আটকে দিলে বা হঠাৎ জল ছাড়লে তা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ভারত এই বাঁধ নির্মাণ করতে চাইছে, যা বছরে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকার বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণেও সাহায্য করবে।