ভুল চিকিৎসায় সন্তানহারা মা, প্রভাবশালীদের গ্রেপ্তারের পরই মিলছে প্রাণনাশের হুমকি!

বার্তা ডেস্কঃ

বর্ধমানের লাইফ কেয়ার নার্সিংহোমে ভুল চিকিৎসায় চার বছরের শিশু অরণ্য রায়ের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। এই ঘটনায় ভুয়ো চিকিৎসক শেখ সায়দুল ও অ্যানাস্থেসিস্ট বনোজকুমার দে সহ নার্সিংহোমের একাধিক কর্ণধার ও প্রভাবশালী ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। কিন্তু অভিযুক্তরা কারাগারে থাকলেও থামেনি ষড়যন্ত্র। সন্তানহারা মা শিল্পা রায়কে মামলা তুলে নিতে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। নার্সিংহোমের এক দালাল চক্রের সদস্যের স্ত্রীর বিরুদ্ধে ফোনে চাপ সৃষ্টি ও কুপ্রস্তাবের মতো গুরুতর অভিযোগ উঠেছে। এমনকী কেন্দ্রীয় সরকারের অ্যান্টি করাপশন বিভাগের আধিকারিক পরিচয় দিয়েও তাঁকে বিভ্রান্ত ও হয়রানি করার চেষ্টা চলছে।

তদন্তে নেমে জেলা সাইবার ক্রাইম থানা এই সমস্ত হুমকি ফোন ও সোশ্যাল মিডিয়ার হয়রানির বিশদ তথ্য সংগ্রহ করেছে। পুলিশের পক্ষ থেকে শিল্পাদেবীকে অজানা নম্বর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে শক্ত আইনি ব্যবস্থা নিতে সমস্ত তথ্য-প্রমাণ জোগাড় করলেও, বিচারের দাবিতে অনড় রয়েছেন শোকার্ত মা। সমস্ত বাধা পেরিয়ে ছেলের মৃত্যুর সুবিচার আদায় করাই এখন তাঁর জীবনের একমাত্র লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *