নেপাল লিগে খেলতে পিসিবির মোটা অঙ্কের ফি, ক্রিকেটারদের পকেটে বড় টান!

বার্তা ডেস্কঃ

নেপাল প্রিমিয়ার লিগে খেলার জন্য পাকিস্তানি ক্রিকেটারদের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) প্রদান ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে অর্থ দাবির গুরুতর অভিযোগ উঠেছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, কাঠমান্ডুতে প্রতিযোগিতা শুরু হওয়ার মুখে এনওসি দেওয়ার বিনিময়ে খেলোয়াড় পিছু প্রায় ২৫,০০০ মার্কিন ডলার দাবি করছেন বোর্ড কর্তারা। যেসব ক্রিকেটারদের আগে এনওসি প্রদান করা হয়েছিল, তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত জটিলতার কারণে অনেক খেলোয়াড় এখনও দেশেই আটকে রয়েছেন, ফলে লিগে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সাহিবজাদা ফারহান ও হায়দার আলির মতো আন্তর্জাতিক তারকাসম্পন্ন খেলোয়াড়দের জাতীয় দলের দায়বদ্ধতা না থাকা সত্ত্বেও পিসিবির এমন পদক্ষেপে ক্রীড়ামহলে শোরগোল পড়েছে। চলতি বছরে ঘোষিত চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচের সময়সূচির সঙ্গে সংঘাত না থাকলে টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের বিশ্বজুড়ে যেকোনো লিগে খেলার ছাড়পত্র থাকার কথা। তাসত্ত্বেও পিসিবির এই হঠাৎ এনওসি স্থগিত করার সিদ্ধান্ত খেলোয়াড়দের ভবিষ্যৎ ও পেশাদার ক্যারিয়ারকে বড় ধরনের ঝুঁকিতে ফেলে দিয়েছে। এই পুরো বিষয়টি নিয়ে মহসিন নকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *