বক্সা ছাড়ল বিহারের বাঘিনি, আতঙ্ক বনদপ্তরে!

বার্তা ডেস্কঃ

বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে গত ২ অক্টোবর তিন বছর বয়সি বাঘিনিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পে এনে ছাড়া হয়েছিল। উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের এই জঙ্গলে বাঘের স্থায়ী বাসস্থান গড়ে তোলা। অত্যন্ত কড়া নিরাপত্তার মোড়কে উড়িয়ে এনে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে বাঘিনিটিকে বক্সার বনে মুক্ত করা হয়। তবে এক মাস পার হওয়ার আগেই নদী পার হয়ে প্রতিবেশী রাজ্য আসামের রাইমোনা জাতীয় উদ্যানে পৌঁছে গিয়েছে সে। বাঘিনির এই স্থান পরিবর্তনে স্বাভাবিকভাবেই নতুন করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগেও বক্সায় আসা বাঘের স্থায়িত্ব নিয়ে সংশয় দেখা গিয়েছিল। আশির দশকে যেখানে একাধিক বাঘের বসবাস ছিল, সেখানে বর্তমানে বাঘ না টেকায় বনের পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বর্তমানে আসামের রাইমোনা জাতীয় উদ্যানে বক্সা টাইগার রিজার্ভের একটি বিশেষ দল নজরদারি চালাচ্ছে। পাশাপাশি মানস ও কাজিরাঙ্গা বনাঞ্চলের আধিকারিকরাও পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্ত হয়েছেন। বাঘিনির সঠিক অবস্থান চিহ্নিত করতে স্যাটেলাইট ট্র্যাকিং ব্যবহার করা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পর্যবেক্ষণ দলে ট্র্যাঙ্কুলাইজার বিশেষজ্ঞকেও রাখা হয়েছে, যাতে লোকালয়ে ঢুকে পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। তবে তাকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করে পুনরায় বক্সায় ফিরিয়ে আনা হবে নাকি নিজের গতিপথে থাকতে দেওয়া হবে, সে বিষয়ে বনদপ্তরের পক্ষ থেকে এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। বনকর্তারা পুরো বিষয়টির ওপর কড়া নজর রাখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *