সৌদিতে ভাইরাল ভিডিওর জেরে জেলবন্দি বাংলার যুবক, চরম আতঙ্কে পরিবার!

বার্তা ডেস্কঃ

মক্কায় এক যুগলের চুম্বনরত ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করায় ২০২৩ সাল থেকে সৌদি আরবের জেলে বন্দি রয়েছেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক সাহাবুদ্দিন শেখ। সম্প্রতি ওই যুগলকে মৃত্যুদণ্ড দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর পরিবারের। বহরমপুরের বলরামপুর গ্রামের বাসিন্দা সাহাবুদ্দিনের মা কোহিনূর বিবি জানিয়েছেন, তাঁর ছেলের একমাত্র রোজগারেই সংসার চলত, কিন্তু তিন বছর ধরে জেলবন্দি থাকায় তাঁরা দিশাহারা। পরিবারের দাবি, সাহাবুদ্দিন কোনো বড় অপরাধ করেননি এবং নিছক মজার ছলেই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

ঘটনার পর থেকে বিশ্বজুড়ে শুরু হওয়া সমালোচনার মাঝেই সামনে এসেছে ভিডিও আপলোডকারী যুবকের পরিচয়। পরিযায়ী শ্রমিকদের নিয়ে কর্মরত মুর্শিদাবাদের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেও জানানো হয়েছে যে, এমন পরিণতি হবে তা সাহাবুদ্দিন বুঝতে পারেননি। ওদিকে ছেলেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে দিল্লির সঙ্গে যোগাযোগ করা হলেও এখনও কোনো সদুত্তর মেলেনি। এতে বৃদ্ধ মা-বাবার উদ্বেগ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *