কৃষ্ণ দাসের কীর্তনে ভক্তির সাগরে ডুব বিরাটের, সাথে তাল মেলালেন অনুষ্কা!

বার্তা ডেস্কঃ

গ্ল্যামার আর আন্তর্জাতিক খ্যাতির চরম শিখরে থেকেও ফের আধ্যাত্মিকতায় নিজেদের নিমগ্ন করলেন তারকা দম্পতি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দীর্ঘ দিন ধরে সিনেমা জগৎ থেকে দূরে থাকা অনুষ্কা ইদানীং পুরোপুরি ঈশ্বরভক্তি ও আধ্যাত্মিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছেন। সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত আমেরিকান সঙ্গীতশিল্পী কৃষ্ণ দাসের এক লাইভ কীর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্তিসাগরে ভাসলেন এই তারকা জুটি। অনুষ্ঠান শুরুর আগে গেটওয়ে অব ইন্ডিয়া হয়ে ভেন্যুতে পৌঁছান তাঁরা। সেখানে পাশ্চাত্য সুর ও ভারতীয় মন্ত্রের মেলবন্ধনে পরিবেশিত কীর্তনের তালে হাতে তালি দিয়ে সুর মেলাতে দেখা যায় বিরাট-ঘরনিকে।

অন্যদিকে, সমস্ত ব্যস্ততা ভুলে মৃদুস্বরে ভক্তিগীতি গেয়ে কীর্তনে বিভোর হয়ে পড়েন কিং কোহলিও। ‘বিরুষ্কা’র এমন আধ্যাত্মিক মুহূর্তের একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। নিম করোলি বাবার ভক্ত এই তারকা দম্পতি এর আগেও লন্ডনের প্রার্থনা সভা কিংবা বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের দরবারে গিয়ে আধ্যাত্মিক অনুরাগের পরিচয় দিয়েছেন। এমনকি কৃষ্ণ দাসের অনুষ্ঠানেও তাঁদের হাজিরা এই প্রথম নয়। বিশ্বব্যাপী গ্ল্যামার আর সাফল্যের মাঝেও নিয়মিত আধ্যাত্মিক চর্চা বজায় রেখে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন ভারতের এই জনপ্রিয় দম্পতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *