৭ হাজার টাকা ছুঁলো এলপিজি সিলিন্ডার, চরম মুদ্রাস্ফীতিতে বিপর্যস্ত পাকিস্তান!

বার্তা ডেস্কঃ

চরম অর্থনৈতিক সঙ্কট ও আকাশছোঁয়া মুদ্রাস্ফীতির মধ্যে ইরানে সীমান্ত বন্ধ এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে চরম রান্নার গ্যাস সঙ্কটে পড়েছে পাকিস্তান। চাহিদা মেটাতে প্রায় ৭০ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল দেশটির অভ্যন্তরীণ বাজারে কয়েক দিনের ব্যবধানে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪,৫০০ থেকে বেড়ে ৭,০০০ পাকিস্তানি রুপিতে পৌঁছেছে। পাকিস্তান পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য অনুযায়ী প্রতিদিনের ৬,৫০০ থেকে ৭,০০০ টন চাহিদার বিপরীতে নিজস্ব উৎপাদন মাত্র ২,০০০ থেকে ২,৫০০ টন। হরমুজ প্রণালীতে যুদ্ধের আবহ ও নিরাপত্তার কারণে ইরান, ওমান ও ইরাক থেকে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় এই সংকট তৈরি হয়েছে।

ভয়াবহ এই পরিস্থিতির সুযোগে দেশজুড়ে শুরু হয়েছে জ্বালানির তীব্র কালোবাজারি। নিয়ন্ত্রক সংস্থা ওগরা ঘরোয়া এলপিজি সিলিন্ডারের সরকারি মূল্য ৩,২৯৬ রুপি নির্ধারণ করলেও বাস্তবে তা দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে। পাকিস্তান এলপিজি অ্যাসোসিয়েশন জানিয়েছে, লাহোরে এলপিজির দাম ৭,৫০০ রুপি এবং স্কার্দুর পাহাড়ি এলাকায় ৮,২০০ রুপিতে ঠেকেছে। প্রতিবেশী ইরান থেকে আমদানি বন্ধ হওয়া এবং সমুদ্রগামী জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সাপ্লাই চেন স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় থেকে সাধারণ মানুষের দ্রুত পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *