বারাণসীর আকাশে রাফালের প্রলয়ঙ্কর গর্জন, স্তম্ভিত মোদী!
বার্তা ডেস্কঃ
ভারতীয় বায়ুসেনার ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারাণসীর ঐতিহাসিক নমো ঘাটে আয়োজিত ‘উইংস ওভার গঙ্গা’ এয়ার শো-র সমাপনী দিনে ফুটে উঠল ভারতের অপ্রতিরোধ্য সামরিক ক্ষমতার এক মহিমান্বিত ছবি। অনুষ্ঠানে উপস্থিত থেকে বায়ুসেনার এই অভাবনীয় দক্ষতা ও রণকৌশল স্বচক্ষে প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই বর্ণাঢ্য প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল তিনটি রাফালে যুদ্ধবিমানের চোখধাঁধানো ‘নীলকণ্ঠ’ ফরমেশন এবং মি-১৭ হেলিকপ্টারের নিখুঁত ‘ওঙ্কার’ ফরমেশন। আকাশে সুসংহত কৌশল ও গঙ্গার বুকে গর্জন তুলে রাফালের উড্ডয়ন উপস্থিত প্রতিটি দর্শককে মন্ত্রমুগ্ধ করে তোলে।
রাফালে ছাড়াও সুখোই-৩০ এমকেআই, দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজস এবং এলসিএইচ প্রচণ্ড যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলি নিজেদের আকাশসীমা দখলের অদম্য ক্ষমতা প্রমাণ করেছে। পাশাপাশি, ‘সূর্য কিরণ অ্যারোব্যাটিক টিম’ এবং ‘সারাং হেলিকপ্টার ডিসপ্লে টিম’-এর নিখুঁত ও রোমাঞ্চকর কৌশল বায়ুসেনার কঠোর প্রশিক্ষণ ও আধুনিক সামর্থ্যের প্রতীক হয়ে ওঠে। নমো ঘাটে পৌঁছানো মাত্রই স্থানীয় জনতা ও দর্শকরা গোলাপের পাপড়ি ও ‘হর হর মহাদেব’ স্লোগানে প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান। গঙ্গার তীরের এই ঐতিহাসিক সামরিক শক্তি প্রদর্শন সাধারণ মানুষের হৃদয়ে নতুন এক জাতীয় গর্ব ও আস্থার সঞ্চার করেছে।