অষ্টম বেতন কমিশনে সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর!
বার্তা ডেস্কঃ
দীর্ঘদিন ধরেই অষ্টম বেতন কমিশনের সুসংবাদের জন্য মুখিয়ে রয়েছেন দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী। নতুন পে কমিশনের কাছে বেতন বৃদ্ধির পাশাপাশি এবার জমা পড়ল ছুটির বদলে অর্থ পাওয়ার নিয়ম সংক্রান্ত এক বড় প্রস্তাব। এতদিন পর্যন্ত অবসরের সময় সর্বাধিক ৩০০ দিনের লিভ এনক্যাশমেন্টের সুবিধা পেতেন কর্মীরা। এবার সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের তরফে সেই সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪৫০ দিন করার দাবি তোলা হয়েছে। এই প্রস্তাবটি অনুমোদিত হলে অর্জিত ছুটির সংখ্যা একধাক্কায় আরও ১৫০ দিন বেড়ে যাবে, যা কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের ভবিষ্যৎ জীবনযাত্রার আর্থিক নিরাপত্তাকে বহুলাংশে সুদৃঢ় করবে।
কর্মরত অবস্থায় অনুমোদনপ্রাপ্ত ছুটি না নিলে সেগুলি অর্জিত ছুটি হিসেবে জমতে থাকে এবং অবসরের সময় সেই জমানো ছুটির বিনিময়ে এককালীন অর্থ দেয় সরকার। আর্থিক বিশ্লেষকদের মতে, একজন কর্মীর শেষ পাওয়া মূল বেতন ও মহার্ঘ ভাতার ওপর ভিত্তি করেই এই হিসাব নির্ধারিত হয়। বর্তমানে ৩০০ দিনের সীমায় কর্মীরা ১০ মাসের বেতনের সমান অর্থ হাতে পেয়ে থাকেন। তবে প্রস্তাব বাস্তবায়িত হলে কর্মীরা একলাফে ১৫ মাসের বেতনের সমপরিমাণ অর্থ লিভ এনক্যাশমেন্ট হিসেবে পাবেন। অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত রিপোর্ট পেশের আগে কর্মী সংগঠনগুলির এই পদক্ষেপে ব্যাপক আশার আলো দেখছেন সকলে।