কুনোয় চোরাশিকারির হামলা! রক্তাক্ত চিতা শাবক উদ্ধার ঘিরে চাঞ্চল্য
বার্তা ডেস্কঃ
মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে গুরুতর জখম অবস্থায় উদ্ধার হয়েছে একটি ১৯ মাস বয়সি পুরুষ চিতা শাবক। গত ২৫ অক্টোবর রবিবার সন্ধ্যায় মোরেনার পাহাড়পুর এলাকা থেকে শাবকটিকে উদ্ধার করে বনদপ্তর। বর্তমানে কুনোর পশু চিকিৎসালয়ে তার চিকিৎসা চলছে এবং চিতাটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন কুনোর চিফ কনজারভেটর অফ ফরেস্ট উত্তম শর্মা। তাঁর মতে, আগামী ৭২ ঘণ্টার আগে চিতাটির পরিস্থিতি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। প্রতিটি চিতার গলায় রেডিও কলার পরিয়ে ট্র্যাক করা সত্ত্বেও এই ঘটনায় বন্যপ্রাণ নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
২০২২ সাল থেকে শুরু হওয়া প্রজেক্ট চিতার আওতায় নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আনা হয়েছিল এবং বর্তমানে কুনোতে ষাটটি চিতা রয়েছে। তবে সাম্প্রতিক এই ঘটনার পর নেপথ্যে চোরাশিকারিদের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। স্টেট টাইগার স্ট্রাইক ফোর্স, বনদপ্তরের ডগ স্কোয়াড এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত চালাচ্ছে। বড় কোনো জানোয়ারের আঘাত নাকি অন্য কোনো কারণে এই রক্তক্ষয়ী জখম, তা তদন্তের পরেই পরিষ্কার হবে।