পেট্রোল বিদায়, ইথানলেই ছুটবে গাড়ি! বদলে যাচ্ছে জ্বালানি দিনকাল।
বার্তা ডেস্কঃ
পেট্রলের ওপর আন্তর্জাতিক নির্ভরতা কমাতে ও দেশীয় বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি ‘সেন্ট্রাল মোটর ভেহিকেলস রুলস, ১৯৮৯’ সংশোধন করে ১০০ শতাংশ ইথানলচালিত বা ‘ই১০০’ জ্বালানিকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। এই নতুন নির্দেশিকার আওতায় ‘ই৮৫’ ও ‘ই১০০’ জ্বালানিকে নির্দিষ্ট নির্গমন মান ও পরীক্ষা পদ্ধতির অধীনে আনা হয়েছে। এর ফলে ভারতীয় অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলির জন্য বিশেষভাবে ইথানলচালিত পরিবেশবান্ধব গাড়ি তৈরির রাস্তা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল।
তবে কেন্দ্রের এই বিধিগত স্বীকৃতির অর্থ এই নয় যে সাধারণ চালকরা এখনই প্রচলিত পেট্রল গাড়িতে ইথানল ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ ইথানলে গাড়ি চালানোর জন্য বিশেষ প্রযুক্তি ও ইঞ্জিনের প্রয়োজন। এই ধরনের প্রযুক্তিচালিত নতুন মডেলের গাড়ি বাজারে আসা এবং প্রয়োজনীয় জ্বালানি পরিকাঠামো গড়ে ওঠার পর সাধারণ মানুষ এর আসল সুবিধা পাবেন। আখ ও ভুট্টাজাত উপাদানে তৈরি এই জ্বালানি কার্যকর হলে দেশের অর্থনীতি ও পরিবহণ খাতে আমূল পরিবর্তন আসবে। এছাড়া সংশোধিত নিয়মে গাড়ির ওজনের উচ্চসীমায় কিছুটা ছাড় দেওয়া হয়েছে।