‘২০ রাউন্ডের শেষে জিতব আমিই’, ভবানীপুরের রাউন্ড-ওয়ারি হিসেব দিলেন আত্মবিশ্বাসী শুভেন্দু

কলকাতা: আগামীকাল ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মহাগণনা। তার আগে রাজ্যের সবথেকে চর্চিত কেন্দ্র ভবানীপুরের ফল নিয়ে বড়সড় দাবি করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে এবার পদ্ম ফুটবে কি না, তা নিয়ে যখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তখন শুভেন্দু খোদ গণনার গতিপ্রকৃতি নিয়ে এক অভিনব ‘হিসেব’ পেশ করলেন। তাঁর দাবি, শুরুর দিকে পিছিয়ে পড়লেও শেষ হাসি তিনিই হাসবেন।

রাউন্ড ধরে জয়ের অঙ্ক

শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে, ভবানীপুর কেন্দ্রে গণনার প্রতিটি পর্যায়ে কী হতে চলেছে তা তাঁর নখদর্পণে। তিনি গণনার গতিপ্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে বলেন, “ভবানীপুরের ডিটেল বলে দিচ্ছি। প্রথম রাউন্ড ও দ্বিতীয় রাউন্ডে আমার লিড থাকবে।” অর্থাৎ গণনার শুরুতেই বিজেপি প্রার্থী এগিয়ে থাকবেন বলে তিনি দাবি করেছেন।

মাঝপথে মমতার লিড

শুভেন্দুর হিসেবে, গণনার মাঝপথে কিছুটা ব্যাকফুটে যেতে পারেন তিনি। তাঁর দাবি অনুযায়ী, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবেন। এর কারণ হিসেবে তিনি নির্দিষ্ট ভোটব্যাঙ্ককে চিহ্নিত করেছেন। শুভেন্দু বলেন, “থার্ড-ফোর্থ-ফিপথ রাউন্ডে মুসলমান বুথ মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লিড থাকবে।” অর্থাৎ এই নির্দিষ্ট বুথগুলোর গণনার সময় তৃণমূল নেত্রী এগিয়ে থাকবেন বলে তাঁর ধারণা।

ষষ্ঠ রাউন্ড থেকে প্রত্যাবর্তনের পূর্বাভাস

তবে পিছিয়ে পড়লেও দমে যাওয়ার পাত্র নন শুভেন্দু। তাঁর দাবি, ষষ্ঠ ও সপ্তম রাউন্ড থেকে তিনি ফের ব্যবধান কমাতে শুরু করবেন এবং হারানো জমি পুনরুদ্ধার করবেন। শুভেন্দু অধিকারীর ভাষায়, “ষষ্ঠ-সপ্তম রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করব। কুড়ি রাউন্ডের শেষে আমি জিতব।” অর্থাৎ ভবানীপুরের কুড়ি রাউন্ডের লড়াই শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হওয়ার বিষয়ে তিনি ১০০ শতাংশ নিশ্চিত।

রাজনৈতিক মহলে চর্চা

বিরোধী দলনেতার এই গাণিতিক হিসেব নিয়ে ইতিমধ্য়েই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ২০২১ সালে নন্দীগ্রামে হাই-ভোল্টেজ লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু। এবার ভবানীপুরেও কি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে? তৃণমূল শিবির অবশ্য এই হিসেবকে গুরুত্ব দিতে নারাজ। ঘাসফুল শিবিরের দাবি, ভবানীপুর সবসময় মমতার পাশেই ছিল এবং ফলাফল ঘোষণার পর শুভেন্দুর এই আত্মবিশ্বাস স্রেফ ধোপে টিকবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *