ময়নাগুড়িবাসীর জন্য দারুণ সুখবর, মার্চেই মিলবে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল!
বার্তা ডেস্কঃ
ময়নাগুড়ির বাসিন্দাদের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানের পথ এবার প্রশস্ত হচ্ছে। দ্রুতগতিতে এগিয়ে চলেছে অম্রুত ২ প্রকল্পের নির্মাণ কাজ। ময়নাগুড়ি পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যেই স্থানীয় প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিনের খরা ও জলের কষ্ট থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ।
এই প্রকল্পের প্রথম পর্যায়ে শহরের ৪১৪৪টি বাড়িতে জল সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। যার জন্য মোট ৩১ কোটি ২২ লক্ষ টাকার বেশি বরাদ্দ করা হয়েছে এবং এর পাশাপাশি ৯টি নতুন পাম্প হাউস তৈরি করা হচ্ছে। পেটকাটি এলাকায় জল সংরক্ষণের রিজার্ভার নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে এবং মূল পাইপলাইন পাতার কাজও সম্পন্ন হয়েছে। পুরো কাজ শেষ হলে এলাকার বাসিন্দাদের পানীয় জল সংক্রান্ত সমস্ত দুশ্চিন্তার চিরতরে অবসান ঘটবে।