ডিজিটাল সংবাদ মাধ্যমের ওপর সরকারি কোপ, শীর্ষ আদালতে নালিশ আদানি-আম্বানিদের!
বার্তা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ডিজিটাল সুরক্ষা আইন নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে দেশজুড়ে। ২০২১ সালের সোশ্যাল মিডিয়া আইনের পর এবার ডিজিটাল মিডিয়ার ওপর রাশ টানতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। সরকারের পক্ষ থেকে ভুয়ো খবর নিয়ন্ত্রণ এবং ডিজিটাল তথ্য সুরক্ষার কথা বলা হলেও সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রস্তাবিত এই আইনের বিরুদ্ধে সুর চড়িয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দেশের ২১টি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম। সংবিধানের ১৪ এবং ১৯(১)(এ) নম্বর ধারার লঙ্ঘনের অভিযোগ তুলে আইনটির বেশ কিছু বিতর্কিত ধারা বাতিলের দাবি জানিয়েছে ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, শীর্ষ আদালতে আবেদন জানানো এই সংস্থাবর্গের তালিকায় রয়েছে আদানি এবং আম্বানি গ্রুপের মালিকানাধীন এনডিটিভি ও সিএনএন-নিউজ ১৮-এর মতো বড় প্রতিষ্ঠানও। আবেদনকারী সংবাদমাধ্যমগুলির বক্তব্য, ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে ডিজিটাল সুরক্ষা আইনে সংবাদমাধ্যমকে বিশেষ ছাড় দেওয়া হলেও ভারতে তা করা হয়নি। উপরন্তু, সরকারের হাতে যেকোনো খবর মোছা, ব্লক করা বা ক্ষমা চাওয়ানোর যে অধিকার রাখা হচ্ছে, তা ঘুরপথে সংবাদপত্রের স্বাধীনতাকে চরম হুমকির মুখে ফেলবে। আগামী বছরের শুরুতেই এই আইন কার্যকর হতে পারে, তাই সময় থাকতে আপত্তিকর ধারাগুলি সরানোর দাবিতে এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে সব পক্ষ।