অন্ধ্র ও ওড়িশায় ঘূর্ণিঝড় অর্ণবের ভয়াবহ তাণ্ডব, লন্ডভন্ড উপকূল!
বার্তা ডেস্কঃ
মঙ্গলবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের কাকীনাডা ও পুদুচেরীর ইয়ানামের কাছে অতি তীব্র ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টির সর্পিল উত্তরের অংশ ইতিমধ্যেই উপকূলে প্রবেশ করেছে এবং এর কেন্দ্রভাগ স্থলভাগের অত্যন্ত কাছাকাছি অবস্থান করছে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার হলেও, বেশ কিছু জায়গায় দমকা হাওয়ার বেগ পৌঁছায় প্রায় ১৪০ কিলোমিটার পর্যন্ত। এই ল্যান্ডফল প্রক্রিয়াটি প্রায় তিন থেকে চার ঘণ্টা ধরে চলতে পারে এবং তা পুরোপুরি শেষ হওয়ার পরেই ধীরে ধীরে শক্তি হারাবে অর্ণব।
এই বিধ্বংসী ঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, কাকীনাডা ও আনাকাপল্লি সহ বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া চলছে। তাণ্ডবের কারণে অসংখ্য গাছ উপড়ে পড়েছে, বিমান ও ট্রেন পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং ওড়িশার উপকূল অঞ্চলেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যদিও পশ্চিমবঙ্গে সরাসরি ঝড়ের সম্ভাবনা নেই, তবুও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা, মেদিনীপুর, হাওড়া ও দুই ২৪ পরগনায় ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিশাখাপত্তনম ও দিঘার মতো উপকূলীয় অঞ্চলগুলিতে আগাম সতর্কতা ও ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে।