বিগ বস থেকে ফিরতেই ক্ষোভ ঝাড়লেন জয়শ্রী, দিলেন কড়া বার্তা!

বার্তা ডেস্কঃ

‘বিগ বস বাংলা’ থেকে স্বামী ভরত কলের আকস্মিক বিদায় এখনও মেনে নিতে পারছেন না তাঁর স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ভরতকে স্বাগত জানানোর একটি ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ও আবেগের মিশ্র প্রতিক্রিয়ায় তিনি লেখেন, যারা না জেনে কটূক্তি করেছেন, তাঁদের ক্ষমা করে দিলাম। পাশাপাশি তিনি ভরতের খেলায় সততা এবং দর্শকদের ভালোবাসার প্রশংসা করেন। লক্ষ্মীপুজোর দিন স্বামীর বাড়ি ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাঁদের মেয়ে আরিয়াও জানায়, বাবার এই প্রস্থান তাঁদের মানসিকভাবে কিছুটা নাড়া দিলেও তাঁরা গর্বিত।

ভরতের এভিকশনের খবর যখন বাড়িতে পৌঁছায়, তখন আরিয়ার টিউশন চলছিল এবং মায়ের কান্না দেখে তাকে পড়াশোনা থামিয়ে দিতে হয়েছিল। অতীতে জয়শ্রী ও ভরতের সম্পর্ক নিয়ে নানা বিতর্ক ও কটাক্ষ তৈরি হলেও, বিগ বসের পুরোটা সময়জুড়ে স্বামীর সমর্থনে সরব ছিলেন জয়শ্রী। সামাজিক মাধ্যমে নিরলস প্রচার থেকে শুরু করে অন্যায়ের প্রতিবাদ—বাইরে থেকে পুরো লড়াই একাই সামলেছেন তিনি। ঘরের বাইরে স্বামীর এই কঠিন সময়ে স্ত্রীর অটল সমর্থন ও ভালোবাসার এই বার্তা বর্তমানে নেটপাড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *