ডিএ মামলায় সুপ্রিম কোর্টে শুনানি পিছল, সরকারি কর্মীদের জন্য বড় বার্তা মলয় মুখোপাধ্যায়ের!

বার্তা ডেস্কঃ

মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি না হওয়ায় কর্মী মহলে কিছুটা নিরাশা তৈরি হয়েছে। অন্য একটি গুরুত্বপূর্ণ মামলার দীর্ঘ শুনানির কারণে গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চে এই মামলাটি তালিকাভুক্ত থাকলেও তা আর ওঠেনি। আগামী চার সপ্তাহ পর মামলাটির পরবর্তী শুনানি হতে পারে বলে জানিয়েছেন মামলাকারী তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

শুনানি না হওয়ায় হতাশ কর্মীদের পাশে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মলয় মুখোপাধ্যায়। তিনি ক্ষুব্ধ কর্মীদের আশ্বস্ত করে জানিয়েছেন, মামলা দীর্ঘমেয়াদী হলেও আইনি লড়াইয়ের শেষ দেখে ছাড়বেন তাঁরা। যত অর্থ বা খরচই হোক না কেন, এই লড়াই থেকে পিছপা হওয়ার কোনো প্রশ্নই নেই। এর আগে গত ১৬ অক্টোবর এই মামলার সংক্ষিপ্ত শুনানি হয়েছিল এবং গতকাল বিস্তারিত শুনানির আশা করা হয়েছিল। আগামী দিনে আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজ্যের লক্ষাধিক সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মী সমাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *