মোদী-যোগীর দুর্গে বড় ধাক্কা, বারাণসীতে সাড়া জাগানো জয় সমাজবাদী পার্টির!
বার্তা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশ বিধান পরিষদের ‘প্রেস্টিজ ফাইটে’ বড়সড় ধাক্কা খেল বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীর শিক্ষক আসনে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী প্রমোদ মিশ্র। সেখানে ১০,৯৫৮টি ভোট পেয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী লালবিহারী যাদব। উচ্চকক্ষ নির্বাচনের এই ফলাফলে মোদী-গড়ে পদ্মশিবিরের এমন ভরাডুবি রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একইসঙ্গে মীরাটের শিক্ষক ও স্নাতক—উভয় আসনেই জিতেছে বিজেপি। এর মধ্যে মীরাট স্নাতক আসনে দীনেশ কুমার গোয়েল ও শিক্ষক আসনে শ্রী চাঁদ শর্মা জয়লাভ করেছেন।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিজস্ব শক্তঘাঁটি গোরখপুরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। গোরখপুর-ফৈজাবাদ শিক্ষক আসনে গণনার শুরুতে বিজেপি প্রার্থী ধ্রুব ত্রিপাঠী পিছিয়ে থাকলেও চতুর্থ রাউন্ড শেষে ১১,৮৮১ ভোট পেয়েসামান্য এগিয়ে যান। তবে এই গণনা কেন্দ্র থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। নির্দল প্রার্থী রাজীব যাদব, যিনি ১১,৪১৫টি ভোট পেয়েছেন, তিনি ভোটগণনায় চরম কারচুপির চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ব্যালটে লেখা সংখ্যা বদলে দিয়ে তাঁর অর্জিত ভোট সরাসরি বিজেপি প্রার্থীর ঝুলিতে যোগ করা হচ্ছে। আগামী মেগা বিধানসভা নির্বাচনের আগে ৫টি স্নাতক ও ৬টি শিক্ষক আসনের এই ভোটের লড়াইয়ে শাসকদলের বিরুদ্ধে ওঠা জালিয়াতির অভিযোগ ঘিরে বিতর্ক এখন চরমে।