কল্যাণী হাইওয়েতে কোটি টাকার বিরল প্রাণী উদ্ধার, আন্তর্জাতিক পাচারচক্রের পর্দাফাঁস!
বার্তা ডেস্কঃ
কল্যাণী-ব্যারাকপুর হাইওয়েতে বিশেষ অভিযান চালিয়ে বিরল প্রজাতির বন্যপ্রাণী ‘বেঙ্গল স্লো লরিস’-এর একটি শাবক উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সুজয় দাস ও ইন্দ্রজিত মুখোপাধ্যায় নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতদের একজনের বিরুদ্ধে আলিপুর চিড়িয়াখানা সংক্রান্ত বন্যপ্রাণী পাচারের পূর্ববর্তী মামলা রয়েছে। উদ্ধার হওয়া প্রাণীটিকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এর পেছনে কোনো বড় আন্তর্জাতিক পশুপাচার চক্র সক্রিয় রয়েছে কি না, তা নিয়েও শুরু হয়েছে তীব্র জল্পনা।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে প্রাপ্ত ‘বেঙ্গল স্লো লরিস’ একটি নিশাচর প্রাইমেট ও বিরল প্রাণী। বড় বড় চোখ এবং ধীরগতির এই প্রাণীটির অস্তিত্ব বর্তমানে মারাত্মকভাবে বিপন্ন। আন্তর্জাতিক সংরক্ষণ মূল্যায়নে এটিকে বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এই ধরনের প্রাণী অবৈধভাবে পাচার বা সংগ্রহ করা দণ্ডনীয় অপরাধ। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতদের কাছ থেকে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।