উত্তরপাড়ায় গঙ্গা থেকে প্রকাশ্যেই বালি চুরি, পুলিশের জালে দুই অভিযুক্ত!
বার্তা ডেস্কঃ
নজরদারি এড়িয়ে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে উত্তরপাড়ার শিবমন্দির সংলগ্ন ঘাট থেকে গঙ্গা থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি নৌকা এবং চার হাজার কিউবিক ফিট সাদা বালি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও ভাটার সময় নৌকা ভিড়িয়ে এই বালি তোলার কাজ চলত এবং পরবর্তীতে ছোট গাড়িতে করে তা পাচার করা হতো বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রাথমিক তদন্তে ধৃতরা অর্জুন চৌধুরী নামক এক ব্যক্তির নাম প্রকাশ করলেও, গোটা চক্রের নেপথ্যে থাকা প্রকৃত মদতকারীদের চিহ্নিত করতে জোরদার তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অবৈধ কারবারের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী জানিয়েছেন, এই ধরনের বেআইনি কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং বিষয়টি নিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার এই ঘটনার পর বালি পাচার রোধে প্রশাসন আরও কঠোর নজরদারি ও অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।