নিষ্ক্রিয় থাকলেই ছাঁটাই, পুরুলিয়ায় বিজেপি নেতাদের কড়া হুঁশিয়ারি!
বার্তা ডেস্কঃ
সাংগঠনিক পদে থেকেও যারা নিষ্ক্রিয় বা যাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে, তাদের অবিলম্বে সরিয়ে নতুন মুখ আনা হবে বলে কড়া বার্তা দিলেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি শংকর মাহাতো। সোমবার ঝালদা ১ নম্বর ব্লকের তুলিনে বাঘমুণ্ডি মণ্ডল ১-এর উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে তিনি এই হুশিয়ারি দেন। একইসঙ্গে জেলার ১৭০টি গ্রাম পঞ্চায়েত ও পুরসভাগুলো দখলের ডাক দিয়ে বিরোধী শিবিরকে একহাত নেন তিনি।
সম্মিলনীতে বাঘমুণ্ডির বিধায়ক রহিদাস মাহাতো সহ দলের অন্যান্য নেতৃত্বও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিরোধীদের তীব্র সমালোচনা করে জেলা সভাপতি বলেন, যারা দীর্ঘদিন ধরে দল করেও মূল্য না পাওয়ার অভিযোগ তুলছেন, দলে ভালো কাজের মাধ্যমেই তাদের সামনে আসার সুযোগ রয়েছে। মাঠে না থেকে শুধুমাত্র আদালতের রাজনীতিকে মানুষ এখন আর পছন্দ করছে না বলেও তোপ দাগেন বিজেপি নেতারা।