রাতদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি, অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত!
বার্তা ডেস্কঃ
কলকাতা নিউ মার্কেটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও গুন্ডাদমন শাখা। ১৮ অগস্ট রাত ২টো নাগাদ মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলের তিনতলায় হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে বিষাক্ত ধোঁয়ায় ভরে ওঠে চারিদিক, এবং ঘুমন্ত অবস্থায় দমবন্ধ হয়ে শিশু-সহ মোট নয়জন অনাকাঙ্ক্ষিতভাবে প্রাণ হারান। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, হোটেলটি মাসিক চুক্তিতে ইজারা নেওয়া হয়েছিল। ঘটনার পর থেকেই মূল অভিযুক্তরা আত্মগোপন করেছিল।
তদন্তে সামনে আসে, হোটেলটি ইজারা বা লিজ নেওয়া হয়েছিল আবু জ়ফর ও তাঁর স্ত্রী সবা জ়ফরের নামে। পুলিশ আগেই হোটেল মালিক বীরেশ্বর মিত্র ও আবুকে গ্রেফতার করেছিল। তবে আবু জ়ফরের স্ত্রী সবা জ়ফর এতদিন ধরে পলাতক ছিলেন। শেষপর্যন্ত হাওড়ার শিবপুরে গোপন অভিযান চালিয়ে পলাতক অন্তিম অভিযুক্ত সবা-কে জালে তুলল লালবাজারের গোয়েন্দারা। এই গ্রেফতারির মাধ্যমে বহুল চর্চিত নিউ মার্কেট অগ্নিকাণ্ড মামলার তদন্ত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় নিল।