টাটা গোষ্ঠীকে ধ্বংসের ষড়যন্ত্র! রাহুলের বিস্ফোরক দাবিতে উত্তাল রাজনীতি

বার্তা ডেস্কঃ

বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর দাবি, কেন্দ্রের অযাচিত হস্তক্ষেপে টাটা গোষ্ঠীকে অপরাধমূলকভাবে ধ্বংস করার চেষ্টা চলছে। বুধবার সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে বলেন, ভারতীয় শিল্প কোনো নেতার খেলার পুতুল নয়। দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গোষ্ঠীর অন্দরের কোন্দল এবং টাটা সন্স ও টাটা ট্রাস্টসের শীর্ষ কর্তাদের টানাপোড়েনের পেছনে সরকারের হাত রয়েছে বলে তাঁর অভিযোগ। পাশাপাশি, শিল্পপতিদের এই নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রাহুলের এই অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পালটা জবাবে স্পষ্ট জানিয়েছেন, সব বিষয় নিয়ে রাজনীতি করা উচিত নয়। তাঁর প্রশ্ন, বারবার দেশের শিল্প এবং শিল্পপতিদের সাফল্যের নিন্দা করার পর রাহুল কি তবে শিল্পমহলে অবিশ্বাস ও বিষ ছড়ানোর চেষ্টা করছেন? এর প্রতিক্রিয়ায় রাহুল গান্ধীও কেন্দ্রের বিরুদ্ধে আইনি প্যাঁচে ফেলে বৈঠক করার ও নির্দিষ্ট শিল্পপতিকে সুবিধা পাইয়ে দেওয়ার বিস্ফোরক পাল্টা প্রশ্ন তুলেছেন। তবে এই রাজনৈতিক তরজার মাঝেও টাটা সন্স বা দেশের অন্য কোনো শিল্পপতি এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *