লাইনে দাঁড়ানোর দিন শেষ, এবার ঘরে বসেই বুক করুন পছন্দের মদ!

বার্তা ডেস্কঃ

মদের দোকানে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা কিংবা শেষ মুহূর্তে গিয়ে পছন্দের ব্র্যান্ড না পাওয়ার দিন এবার শেষ হতে চলেছে। সুরাপ্রেমীদের সুবিধার্থে এবং মদের দোকানে উপচে পড়া ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল দিল্লি সরকার। ‘দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন’-এর তরফ থেকে চালু করা হয়েছে একটি নতুন ডিজিটাল অ্যাপ, যার নাম ‘দিল্লি লিকার বুকিং’। বর্তমানে দিল্লির ২০৮টি দোকানে এই নতুন পরিষেবা চালু করা হয়েছে। মদের নির্ধারিত দামের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা আনা এবং সাধারণ ক্রেতাদের হয়রানি থেকে মুক্তি দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই কোন দোকানে কী ব্র্যান্ড এবং কত পরিমাণের বোতল উপলব্ধ রয়েছে তা সহজেই জানতে পারবেন। পছন্দের ব্র্যান্ড নির্বাচন করার পর অনলাইনেই অ্যাপের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হবে। প্রক্রিয়াটি সম্পূর্ণ হলেই ক্রেতার ফোনে একটি বিশেষ কিউআর কোড তৈরি হবে। তবে লক্ষণীয় বিষয় হলো, এতে কোনো হোম ডেলিভারি পরিষেবা থাকছে না। কোডটি জেনারেট হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নির্দিষ্ট দোকানে গিয়ে তা দেখালেই ক্রেতা তাঁর নির্ধারিত মদ সংগ্রহ করতে পারবেন। তবে এই ডিজিটাল সুবিধা ব্যবহার করে মদ বুক করার জন্য ক্রেতার বয়স অবশ্যই ২১ বছর বা তার বেশি হওয়া বাধ্যতামূলক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *