উৎসবের মরশুমেও ট্রেনের কনফার্ম টিকিট পাচ্ছেন না? তৎকাল বুকিংয়ের এই জাদুকরী কৌশলগুলি জানুন!

বার্তা ডেস্কঃ

উৎসবের মরশুম ও ছুটির দিনগুলিতে ট্রেনের টিকিটের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় সাধারণ যাত্রীদের কনফার্ম আসন পাওয়া প্রায় আসাম্ভব হয়ে দাঁড়ায়। অনেক আগে বুকিং করেও নিশ্চিত টিকিট না পেলে বিকল্প হিসেবে তৎকাল টিকিট কাটার সুযোগ থাকে। তবে সঠিক সময় ও নিয়ম না জানলে এই টিকিট পাওয়া কঠিন হতে পারে। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, যাত্রার ঠিক একদিন আগে এসি কামরার জন্য সকাল দশটায় এবং নন-এসি কামরার জন্য সকাল এগারোটায় তৎকাল বুকিং শুরু হয়। প্রথম স্টেশন থেকে ট্রেন ছাড়ার তারিখের ভিত্তিতে এই সময় নির্ধারিত হয়, যা যাত্রীর নিজের ওঠার স্টেশনের ওপর নির্ভর করে না।

আইআরসিটিসির সরকারি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে এই টিকিট বুক করতে হয় এবং এর জন্য আধার যাচাইকরণ বাধ্যতামূলক। শেষ মুহূর্তের ঝুটঝামেলা এড়াতে আগে থেকেই অ্যাকাউন্ট ভেরিফাই করে রাখা উচিত। অনলাইনে একটি পিএনআর নম্বরে সর্বোচ্চ চার জন যাত্রীর টিকিট কাটা সম্ভব, যার জন্য সাধারণ ভাড়ার সঙ্গে অতিরিক্ত তৎকাল চার্জ প্রযোজ্য হয়। তবে মনে রাখা জরুরি যে, বুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আসন সংখ্যা সীমিত থাকায় তৎকাল কনফার্ম টিকিট পাওয়ার কোনো শতভাগ নিশ্চয়তা থাকে না। এছাড়া নিশ্চিত তৎকাল টিকিট বাতিল করলে সাধারণত কোনো অর্থ ফেরত পাওয়া যায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *