বিধায়কের বাড়ির সামনে শিক্ষিকাকে প্রাণঘাতী হামলা, আত্মঘাতী যুবকের প্রচেষ্টা!

বার্তা ডেস্কঃ

শিলিগুড়ির শান্তিনগর এলাকায় ভোরবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে মারাত্মক হামলার মুখে পড়লেন শিউলি দত্ত নামে এক স্কুল শিক্ষিকা। ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়ের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে সজল দাস নামে এক যুবক ধারালো অস্ত্র নিয়ে ওই শিক্ষিকার ওপর হামলা চালায়। এলোপাথাড়ি কোপে শিক্ষিকার গলা ও হাতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। আত্মরক্ষার্থে শিক্ষিকা পাশের একটি বাড়িতে ঢুকে পড়লেও অভিযুক্ত সেখানে পৌঁছে তাকে ক্রমাগত কোপাতে থাকে। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে শিক্ষিকাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে ধরে ফেলেন।

আক্রমণ চালানোর পর অভিযুক্ত যুবক নিজেকেও একই অস্ত্র দিয়ে আঘাত করে এবং বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকেই উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। পরবর্তীতে শিক্ষিকার আশঙ্কাজনক অবস্থার কারণে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরেই শিক্ষিকাকে উত্ত্যক্ত করছিল এবং এ বিষয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। বর্তমানে পুলিশ পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *