মুখের গঠনেই লুকিয়ে শরীরের গোপন অসুখ, কীভাবে চিনবেন?
বার্তা ডেস্কঃ
সকালে আয়নায় মুখ দেখেই ত্বকের জেল্লা কমা বা গোছা গোছা চুল পড়া দেখে অনেকেই ভাবছেন শরীরে আয়রনের ঘাটতি হয়েছে। সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হওয়া ‘ফেরিটিন ফেস’ ধারণাটি ঘিরে নেটপাড়ায় এখন শোরগোল পড়ে গিয়েছে। চিকিৎসকদের মতে, ফেরিটিন এমন একটি প্রোটিন যা শরীরে আয়রন জমা রাখে, তবে মুখের নির্দিষ্ট রূপ দেখে এই ঘাটতি নিশ্চিত করা যায় না। ফ্যাকাশে ত্বক, চোখের নীচে কালি বা চুল পড়ার মতো লক্ষণের পিছনে ঘুমহীনতা, মানসিক চাপ বা হরমোনের পরিবর্তনের মতো একাধিক কারণ থাকতে পারে।
উল্লেখ্য, রক্তাল্পতা তৈরি হওয়ার আগেই শরীরে সঞ্চিত আয়রনের পরিমাণ কমে যেতে পারে। তাই শুধু বাহ্যিক লক্ষণ দেখে নিজে নিজে সিদ্ধান্তে পৌঁছানো বা চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট খাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সঠিক তথ্য জানতে সিবিসি বা সিরাম ফেরিটিনের মতো রক্তপরীক্ষা করানো জরুরি, কারণ সংক্রমণ বা প্রদাহের কারণেও রিপোর্টের পরিমাণে তারতম্য ঘটতে পারে। সুস্থ থাকতে সুনির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে মূল সমস্যা চিহ্নিত করে চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।