রান্নাঘরে গ্যাসের শিখা হলুদ হচ্ছে? এখনই সাবধান হোন, বিপদ হতে পারে বড়!
বার্তা ডেস্কঃ
গ্যাস ওভেনে রান্নার সময় আগুনের শিখা নীল রঙের বদলে হলুদ বা কমলা হওয়া বড় ধরনের বিপদের লক্ষণ হতে পারে। গ্যাসের সঠিক দহনের জন্য বাতাসের সঙ্গে পর্যাপ্ত অক্সিজেন মেশা জরুরি, যা না ঘটলে হলুদ শিখা দেখা দেয়। এর ফলে আসাম্পূর্ণ দহনের কারণে অত্যন্ত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হতে পারে, যা মাথাব্যথা, বমি ভাব বা শ্বাসকষ্টের মতো মারাত্মক শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়া বার্নারের ছিদ্রগুলিতে ময়লা জমে যাওয়া, গ্যাসের পাইপ বা রেগুলেটরে ত্রুটি কিংবা সিলিন্ডার দ্রুত শেষ হয়ে যাওয়ার মতো বিষয়গুলিও এই সমস্যার জন্য দায়ী।
এই ধরনের পরিস্থিতি এড়াতে নিয়মিত বার্নার পরিষ্কার করা এবং ওভেন পরিচর্যা করা অত্যন্ত জরুরি। তবে পরিষ্কার করার পরেও যদি আগুনের শিখা হলুদ থাকে, তবে অবিলম্বে গ্যাস ব্যবহার বন্ধ করে একজন অনুমোদিত টেকনিশিয়ানের সাহায্য নেওয়া উচিত। এছাড়া গ্যাস লিক হওয়ার সন্দেহ হলে কোনো সুইচ অন-অফ না করে দ্রুত নিরাপদ স্থানে সরে গিয়ে জরুরি পরিষেবা বা গ্যাস সরবরাহকারী সংস্থাকে খবর দিন। একটু সচেতনতাই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে।