মেসিকে পিছনে ফেলে সেরার সেরা রোনাল্ডো, কী এমন মহাকাব্যিক কীর্তি গড়লেন CR7!
বার্তা ডেস্কঃ 
ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ ‘বিওএটি’ (B.O.A.T.) ফ্যান ভোটে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবলপ্রেমীদের রায়ে ২০০৮ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে রোনাল্ডোর অসামান্য পারফরম্যান্স তালিকার এক নম্বরে জায়গা করে নিয়েছে। সে বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২টি গোল করার পাশাপাশি ক্লাবকে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন সিআর সেভেন। এই তালিকায় শীর্ষ দশটি স্থানের সবকটিই ভাগ করে নিয়েছেন দুই মহাতারকা।
তালিকায় রোনাল্ডোর পাঁচটি স্মরণীয় মরসুম জায়গা পেয়েছে—২০০৮, ২০১৭, ২০১৬, ২০১৪ এবং ২০১৩। অন্যদিকে, ২০১২ সালে ক্লাব ও দেশের হয়ে ৯১টি গোল করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। তাঁর ২০১২, ২০২৩, ২০১৫, ২০১১ এবং ২০০৯ সালের মরসুমগুলি সেরা দশে স্থান পেয়েছে। ফুটবল ইতিহাসের এই দুই দিকপালের মুকুটে আরও এক অনন্য প্রাপ্তি যোগ হলো।