ধর্ষণ করলেই চরম শাস্তি! পুলিশকে সরাসরি কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
বার্তা ডেস্কঃ
রাজ্যে অপরাধ দমনে এবার আরও কঠোর অবস্থান নিল প্রশাসন। সম্প্রতি বারুইপুর, গাইঘাটা এবং সামশেরগঞ্জে অপরাধীদের এনকাউন্টারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধীদের নানা সমালোচনা ও বিতর্ক সত্ত্বেও অপরাধ দমনে ‘যোগী মডেল’-এর মতো এই কঠোর পথেই আস্থা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রায়গঞ্জের এক জনসভা থেকে তিনি পরিষ্কার জানিয়ে দেন, রাজ্যে নারী নির্যাতন এবং কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। মা-বোনেদের সুরক্ষায় পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।
ঘটনার সূত্রপাত উত্তর ২৪ পরগনার গাইঘাটা ও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পর পর দুটি এনকাউন্টারের মাধ্যমে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত অভিযুক্তদের ঘটনাস্থলে পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়ার সময় তারা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে চালানো পুলিশের গুলিতে নিহত হয় গাইঘাটায় কিশোরীকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত প্রহ্লাদ দাস এবং সামশেরগঞ্জে ব্যবসায়ী খুনে যুক্ত সামাউল শেখ। এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যারা মা-বোনদের আসাম্মান করবে, তাদের পরিণতি কী হচ্ছে তা সবাই দেখতে পাচ্ছে; অপরাধ দমনে যা করার তা-ই করা হবে।