ভুটানের লেক ফেটে ভাসছে আলিপুরদুয়ার, নিরাপদ আশ্রয়ে ১০ হাজার মানুষ!

বার্তা ডেস্কঃ

ভুটানের শিনতাফু লেক ফেটে গিয়ে অতিরিক্ত জল হুড়মুড়িয়ে নেমে আসায় চরম বিপদের মুখে পড়েছে উত্তরবঙ্গ। এর প্রভাবে জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলায় তীব্র সতর্কতা জারি করেছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই সঙ্কোশ নদী অববাহিকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কোনো ঝুঁকি না নিয়ে প্রশাসনিক উদ্যোগে চার থেকে পাঁচ হাজার মানুষ এবং পরবর্তীতে আরও ছয় হাজারেরও বেশি অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় একাধিক স্কুলবাড়িকে বর্তমানে ত্রাণশিবির হিসেবে ব্যবহার করা হচ্ছে, যাতে গৃহহীন মানুষগুলো জরুরি আশ্রয় পেতে পারে।

বর্তমানে জলের তীব্রতা কিছুটা কমলেও পুরো এলাকা এখনো হাই অ্যালার্টে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসডিআরএফ ও সিভিল ডিফেন্সের পাশাপাশি এনডিআরএফ টিমও মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার অমিত কুমার শ সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে জানান যে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ভুটান প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। ত্রাণশিবিরগুলোতে দুর্গতদের জন্য শুকনো খাবার, পানীয় জল ও শৌচাগারের পর্যাপ্ত ব্যবস্থা করেছে স্থানীয় জেলা প্রশাসন ও বিডিও দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *