ওটিটিতে আসছে মির্জাপুর দ্য মুভি, বড় পর্দায় যা বাদ পড়েছিল তা কি দেখা যাবে?
বার্তা ডেস্কঃ
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখল পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল এবং দিব্যেন্দু অভিনীত বহুচর্চিত সিনেমা ‘মির্জাপুর: দ্য মুভি’। গত ৪ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তির পর বক্স অফিসে বিশ্বজুড়ে প্রায় ৩৩৯.৮৪ কোটি টাকার বিপুল ব্যবসা করেছিল ছবিটি। গুরমিত সিং পরিচালিত এই সিনেমাটিতে মির্জাপুরের সিংহাসন ও ক্ষমতা দখলের লড়াইয়ে আবারও মুখোমুখি হয়েছেন কালীন ভাইয়া, গুড্ডু পণ্ডিত এবং বাবলু পণ্ডিতের মতো জনপ্রিয় চরিত্রগুলি। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে রবি কিষাণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রসিকা দুগ্গলকে। যেসব দর্শকরা হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেননি, তাঁরা এখন ঘরে বসেই উপভোগ করতে পারবেন এই জমজমাট অ্যাকশন ও ড্রামা।
বর্তমানে অ্যামাজন প্রাইম ভিডিও-তে হিন্দি ভাষায় ইংরেজি সাবটাইটেল সহ অনলাইন স্ট্রিমিং শুরু হয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’-র। প্রাইম ভিডিওর সক্রিয় সাবস্ক্রিপশন থাকলেই দর্শকরা ছবিটি দেখতে পাবেন। বিশেষ বিষয় হলো, ওটিটি মুক্তির জন্য ছবিটির একটি ‘এক্সটেন্ডেড কাট’ সংস্করণ প্রকাশ করা হয়েছে। ফলে থিয়েটারে প্রদর্শিত রূপের তুলনায় দর্শকরা এখানে বেশ কিছু অতিরিক্ত দৃশ্য উপভোগ করার সুযোগ পাবেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে পোস্টার শেয়ার করে জানানো হয়েছে— “ভৌকাল এসে গিয়েছে”। এখন দেখার বিষয়, প্রেক্ষাগৃহের অভূতপূর্ব সাফল্যের পর ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকপ্রিয়তার কোন শিখরে পৌঁছায় এই সিনেমা।