নিষিদ্ধ বিজয় মিছিল ও বাজি, জারি ১৬৩ ধারা! ভোটগণনার আগে কড়া নির্দেশ প্রশাসনের
সোমবার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তার ঠিক ২৪ ঘণ্টা আগে অশান্তি ও রক্তপাত এড়াতে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো পূর্ব মেদিনীপুর জেলাকে। জেলা নির্বাচনী আধিকারিক, জেলা শাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে জারি করা এক কড়া নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটগণনার দিন এবং তার পরবর্তী সময়ে কোনোভাবেই বিজয় মিছিল করা যাবে না।
গণনাকেন্দ্রে ‘নো-ফ্রাইং জোন’ ও কড়া বিধিনিষেধ
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরা—এই চারটি মহকুমার গণনা কেন্দ্রকে ‘নো-ফ্রাইং জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, গণনাকেন্দ্রের ২০০ মিটার এলাকার মধ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএস) ১৬৩ ধারা জারি থাকবে। এই সীমানার মধ্যে কোনো প্রকার যান চলাচল করতে পারবে না। এমনকি নিরাপত্তার খাতিরে ওই এলাকায় ড্রোন ওড়ানোও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
অশান্তি রুখতে পুলিশের বিশেষ সতর্কতা
ভোটের ফল প্রকাশের পর জয়ী ও পরাজিত শিবিরের মধ্যে সংঘর্ষ রুখতে জেলাজুড়ে পুলিশের মাইকিং শুরু হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কোথাও বাজি ফাটানো বা জমায়েত করে উৎসব পালন করা যাবে না। জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের রায় ঘোষণার সময় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, তার জন্যই এই বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। মূলত অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার গণনা পরবর্তী হিংসা রুখতে কোমর বেঁধে নামল কমিশন ও পুলিশ প্রশাসন।