পাকিস্তানে মুক্তি পাবে না রণবীরের ‘রামায়ণ’? তুঙ্গে ধোঁয়াশা!
বার্তা ডেস্কঃ
বলিউড তথা প্যান-ইন্ডিয়ার বহু প্রতীক্ষিত মেগা বাজেটের চলচ্চিত্র ‘রামায়ণ’ ঘিরে বিশ্বজুড়ে তুঙ্গস্পর্শী উন্মাদনা তৈরি হয়েছে। নীতেশ তিওয়ারি পরিচালিত এবং রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই মেগা সিনেমাটি ১০০টিরও বেশি দেশের প্রায় ৫০,০০০ স্ক্রিনে মুক্তি পেতে চলেছে। আন্তর্জাতিক বাজারে সনি পিকচার্স এবং ভারতে ধর্মা প্রোডাকশন এর পরিবেশনার দায়িত্বে রয়েছে। সম্প্রতি পাকিস্তানের করাচিতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষকে পোস্টার হাতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেলেও, প্রতিবেশী এই দেশে ছবিটি আদৌ প্রেক্ষাগৃহে আসবে কি না তা নিয়ে চরম সংশয় দেখা দিয়েছে।
দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার ফলে পাকিস্তানে দীর্ঘদিন ধরেই ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনে কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন অনুসারে, পাকিস্তান প্রশাসন ভারতীয় চলচ্চিত্রের জন্য প্রয়োজনীয় এনওসি বা ছাড়পত্র দেওয়া পুরোপুরি বন্ধ রেখেছে। এর ফলে সনি পিকচার্স বিশ্বজুড়ে পরিবেশনার দায়িত্বে থাকলেও পাকিস্তানে সবুজ সংকেত পাওয়া একপ্রকার আসাম্ভব বলেই মনে করা হচ্ছে। ২০২৬ সালের ৫ নভেম্বর ‘রামায়ণ পার্ট ১’ বিশ্বব্যাপী মুক্তির দিন ধার্য হলেও, পাকিস্তানের দর্শকরা বড় পর্দায় এই মহাকাব্যিক দৃশ্য দেখার সুযোগ পাবেন কি না, তা নিয়ে বড়সড় ধোঁয়াশা থেকে যাচ্ছে।