১ নভেম্বরের দিল্লি অভিযান ঘিরে কেন রাহুলের পায়ে হাত ব্যবসায়ীদের?

বার্তা ডেস্কঃ

দীপাবলির তুঙ্গে থাকা বিকিকিনির মৌসুমে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দ্বারে কড়া নেড়েছেন দিল্লির ব্যবসায়ীরা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আগামী ১ নভেম্বর রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ জোটের প্রস্তাবিত মেগা সমাবেশ অন্তত ১০ নভেম্বরের পর আয়োজনের আকুল আবেদন জানিয়েছে ‘ফেডারেশন অফ সদর বাজার ট্রেডার্স অ্যাসোসিয়েশন’। সদর বাজার, চাঁদনি চক কিংবা খারি বাওলির মতো ব্যস্ততম পাইকারি বাণিজ্যিক হাবগুলোতে উৎসবের এই ক’দিনে প্রায় ২৫ হাজার কোটি টাকার লেনদেন হয়। একের পর এক আন্দোলন ও যান নিয়ন্ত্রণের কারণে অলরেডি ধুঁকতে থাকা ছোট ব্যবসায়ী, কর্মী ও হকারদের রুটিরুজি রক্ষার্থেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

রাজনৈতিক কর্মসূচির কারণে রাস্তাঘাট বন্ধ থাকলে উৎসবের ক্রেতারা বাজারে পৌঁছাতে পারবেন না, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ ডেলিভারি কর্মী থেকে শুরু করে লাখ লাখ কর্মসংস্থানে। সংগঠনটির সভাপতি রাকেশ কুমার যাদব এবং সাধারণ সম্পাদক কমল কুমার একযোগে সই করে রাহুল গান্ধীর পাশাপাশি অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও অনুরূপ চিঠি পাঠিয়েছেন। নির্বাচন কমিশনারের নীতি ও বিশেষ ভোটার তালিকা সংশোধনীর প্রতিবাদে ডাকা এই বিশাল সমাবেশ পিছিয়ে দেওয়ার দাবিতে ব্যবসায়িক সমাজ এখন কার্যত একাট্টা। তবে উত্তপ্ত রাজনীতির মাঝে ক্ষুদ্র ব্যবসায়ীদের এই করুণ আরজিতে সাড়া দিয়ে বিরোধী জোট তাদের মেগা ইভেন্ট পিছিয়ে দেয় কি না, সেটাই এখন দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *