গোপনীয়তা ফাঁস নিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক, বড় ধাক্কা খেলেন কি তিনি?
বার্তা ডেস্কঃ
তদন্ত চলাকালীন পুলিশ, বিভিন্ন তদন্তকারী সংস্থা ও সংবাদমাধ্যমের মাধ্যমে গুরুত্বপূর্ণ নথি এবং ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আসছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তদন্তের অগ্রগতি, ব্যক্তিগত তথ্য এবং জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু খবর হিসেবে প্রকাশিত হওয়ায় কেবল তদন্ত প্রক্রিয়াই প্রভাবিত হচ্ছে না, বরং তাঁর ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, সুনাম ও মর্যাদাও মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। শীর্ষ আদালতে দায়ের করা আর্জিতে এই ধরনের তথ্য ফাঁস অবিলম্বে সম্পূর্ণ বন্ধ করার দাবি জানিয়েছেন সাংসদ।
এর আগে হাইকোর্টে মামলাটির জরুরি ভিত্তিতে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। তবে প্রথমে বিচারপতি কৃষ্ণ রাও মামলাটি তাঁর এক্তিয়ারভুক্ত নয় বলে জানান এবং পরবর্তীতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিষয়টি গেলে আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে, এখনই এটি জরুরি ভিত্তিতে শুনানির কোনো প্রয়োজন নেই। হাইকোর্টে কাঙ্ক্ষিত সাড়া ও সুরাহা না পেয়ে অবশেষে শীর্ষ আদালতের শরণাপন্ন হলেন অভিষেক। আগামী সোমবার সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ এই মামলাটি শুনানির জন্য ওঠার সম্ভাবনা রয়েছে।