রাজ্য ছাড়িয়ে আসামে বাঘিনি! কেন তড়িঘড়ি ছুটছেন বনমন্ত্রী?
বার্তা ডেস্কঃ
সীমান্ত পেরিয়ে প্রতিবেশী রাজ্য আসামে পাড়ি জমিয়েছে বক্সা টাইগার রিজার্ভের বহুল আলোচিত সেই বাঘিনি। মাত্র চার কিলোমিটার পথ অতিক্রম করে সেটি বর্তমানে আসামের রাইমোনা জাতীয় উদ্যানে বিচরণ করছে। গত ২ অক্টোবর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে তিন বছর বয়সি এই বাঘিনিকে বক্সার জঙ্গলে এনে ছাড়া হয়েছিল। কিন্তু এক মাসের মধ্যেই বাংলার সীমানা ছাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে বনদফতরে। এই পরিস্থিতিতে দুই রাজ্যের বনদপ্তরের মধ্যে প্রশাসনিক সমন্বয় বাড়াতে এবং বাঘিনিটিকে ফিরিয়ে আনার সুনির্দিষ্ট পরিকল্পনা করতে নিজে আসামে যাচ্ছেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও। সেখানে আসাম প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তাঁর একটি উচ্চপর্যায়ের বৈঠকের কথা রয়েছে।
তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বনমন্ত্রী সকলকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে বাঘিনিটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং স্বাভাবিক নিয়মেই শিকার ও ঘোরাঘুরি করছে। এই বিষয়ে আসাম সরকার বাংলা বনদফতরকে পূর্ণ সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন। এই মুহূর্তে বনদপ্তরের বিশেষজ্ঞ ও আধিকারিকদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই আসামে পৌঁছে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন। আসামে বনমন্ত্রীর সফরের পর পরবর্তী পর্যালোচনার ভিত্তিতে প্রয়োজন মনে হলে বাঘিনিটিকে উদ্ধার করে পুনরায় বক্সার জঙ্গলে ফিরিয়ে এনে নজরদারিতে রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।