কলকাতার সাউথ সিটিতে বিধ্বংসী আগুন, আতঙ্কে কাঁপছে এলাকা!

বার্তা ডেস্কঃ

কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোড সংলগ্ন অভিজাত সাউথ সিটি কমপ্লেক্সে শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বহুতল ভবনটির ২৭তম তলায় হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে চারপাশ ঘন ধোঁয়ায় ঢেকে যায়। ব্যস্ত সময়ে হাই-প্রোফাইল এই জনবহুল আবাসন ও সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের খবর ছড়াতেই স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে মারাত্মক আতঙ্ক সৃষ্টি হয়। বহুতলের অন্যান্য অংশে আগুন ছড়িয়ে পড়া বা ভেতরে কেউ আটকে রয়েছেন কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ে।

খবর পেয়েই অগ্নিনির্বাপণ ও উদ্ধারের জন্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন। উঁচু ভবন হওয়ায় বেশ কসরত করেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। ঠিক কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছিল এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহত বা প্রাণহানির খবর নেই। দমকল আধিকারিক ও স্থানীয় প্রশাসন সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *