ভুটানে হিমবাহ বিস্ফোরণ, উত্তরবঙ্গে জারি চূড়ান্ত সতর্কতা!
বার্তা ডেস্কঃ
নেপালের পর এবার ভুটানে ভয়াবহ গ্লেসিয়ার লেক আউটবার্স্টের (GLOF) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হিমবাহের হ্রদ ভেঙে মো চু নদীতে বিপুল জলরাশি নেমে আসায় ভুটানের গাসা জেলার জনপ্রিয় উষ্ণ প্রস্রবণ কেন্দ্র ও জাতীয় সড়ক ধ্বংসাবশেষে ঢেকে গিয়েছে। একইসঙ্গে পুনাখা জেলার সৌরচালিত একটি গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুটান পাহাড়ের এই ভয়াবহ বিপর্যয়ের খবর মিলতেই লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় দ্রুত চূড়ান্ত সতর্কতা জারি করে মাইকিং শুরু করে স্থানীয় প্রশাসন। ডুয়ার্স অঞ্চলে নদীগুলির ওপর নজরদারি বাড়ানো হলেও বড় ধরনের বিপদ মেলেনি।
পরিস্থিতি মোকাবেলায় রাজ্যজুড়ে নজরদারি চালানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন। নবান্নের কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা পুরো পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত বাড়লে নদীর জলস্তর আচমকা বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থেকেই যায়, তাই প্রশাসনিক স্তরে প্রস্তুতি বজায় রাখা হয়েছে। চরম উদ্বেগের মাঝে নদীর জলস্তর আপাতত বিপদসীমার নীচে থাকায় সীমান্ত লাগোয়া এলাকার আতঙ্কিত সাধারণ বাসিন্দারা কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছেন।