হাইকোর্টে জামিন পেলেন সুমন, কিন্তু কেন এই কড়া শর্তের বেড়াজাল?

বার্তা ডেস্কঃ

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহুচর্চিত আর্থিক দুর্নীতি মামলায় এবার বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। গ্রেফতারির পর অবশেষে জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ব্যবসায়ী তথা চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী সুমন হাজরা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর এই জামিন মঞ্জুর করেন। হাসপাতালের সরঞ্জাম সরবরাহে বড়সড় দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে, যা স্বাস্থ্য ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছিল।

তবে আইনি স্বস্তি মিললেও সুমন হাজরার ওপর একগুচ্ছ কড়া শর্ত আরোপ করেছে আদালত। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, তিনি কলকাতা, হাওড়া ও বিধাননগর এলাকার বাইরে যেতে পারবেন না এবং অবিলম্বে নিজের পাসপোর্ট ও মোবাইল নম্বর তদন্তকারী আধিকারিকদের কাছে জমা রাখতে হবে। সেই সঙ্গে মামলার প্রতিটি শুনানিতে হাজিরা দেওয়া বাধ্যতামূলক এবং কোনোভাবেই সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। উল্লেখ্য, এর আগেই এই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *