কালীপুজোয় বাজি ও ফানুসে নিষেধাজ্ঞা, নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা!
বার্তা ডেস্কঃ
আসন্ন কালীপুজো ও ছটপুজোয় শব্দদূষণ এবং অগ্নিকাণ্ড রোধে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নবান্ন সভাঘরে আয়োজিত বিশেষ বৈঠকে জানানো হয়েছে, কালীপুজোর দিন রাত ৮টা থেকে ১০টা এবং ছটপুজোর দিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। হাসপাতাল, স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের পরিধিতে সমস্ত ধরনের বাজি সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া বাজি বাজারগুলিতে অগ্নি নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ ও পুরসভাকে কড়া নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে।
উৎসবের মরশুমে বিনানুমতিতে ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে বলে জানান পরিবেশমন্ত্রী ও ডিজি। ঐতিহ্যবাহী পরিবারসহ সকলকে ফানুস ওড়ানোর আগে দমকল বিভাগের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম লঙ্ঘন রুখতে ২৪ ঘণ্টার মোবাইল টিম মাঠে থাকবে এবং পরিবেশ সংক্রান্ত অভিযোগ জানাতে হেল্পলাইন চালু করা হচ্ছে। নির্ধারিত সময়ের বাইরে আইন ভাঙলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।