সন্তান না হওয়ার যন্ত্রণা নাকি নির্যাতনের বলি, রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য!
বার্তা ডেস্কঃ
মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীতে এক বাঙালি বধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে দানা বেঁধেছে তীব্র চাঞ্চল্য। সন্তান না হওয়ার জেরে দীর্ঘদিনের পারিবারিক অশান্তির পর ভাইকে হোয়াটসঅ্যাপে শারীরিক নির্যাতনের ছবি পাঠিয়েছিলেন ছাব্বিশ বছরের নুরবানু বিবি। এর ঠিক একদিন পরেই ভাড়াবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মালদহের চাঁচল থানার দেবীগঞ্জের বাসিন্দা মৃতার পরিবারের দাবি, শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়ে তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। অন্যদিকে, স্বামীর দাবি এটি আত্মহত্যা।
শুক্রবার মৃতদেহ মালদহে পৌঁছানোর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাপের বাড়ির লোকজনের অভিযোগ, স্বামী সামাদ আলি দেহ দেখতে বাধা দেওয়ার চেষ্টা করেন। প্রবল বিক্ষোভের মুখে পরে দেহ বাড়িতে ঢোকাতে বাধ্য হলেও গা ঢাকা দেন শ্বশুরবাড়ির লোকজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এটি খুন নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেন্সিক প্রমাণের ভিত্তিতে তা নিশ্চিত করার চেষ্টা চলছে।