থানায় থানায় কালীপুজোর ঢল, মন্ত্রীর নির্দেশে বদলে গেল পুলিশি সংস্কৃতি?
বার্তা ডেস্কঃ
উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সাম্প্রতিক এক বার্তাকে ‘নির্দেশ’ হিসেবে গণ্য করে পশ্চিমবঙ্গ পুলিশমহলে শক্তি আরাধনার বিপুল প্রস্তুতি শুরু হয়েছে। মন্ত্রীর ঘোষণার পর বীরভূম লাগোয়া মুর্শিদাবাদসহ দক্ষিণবঙ্গের একাধিক থানায় বিগত বছরগুলোর তুলনায় অনেক বড় পরিসরে কালীপুজোর আয়োজন চলছে। পুলিশ রেগুলেশন অনুযায়ী কর্তব্যরত অবস্থায় সরাসরি ধর্মাচরণের নিয়ম না থাকায় এতদিন এই আয়োজনগুলো ‘থানার পাড়া কালীপুজো’ নামে পরিচিত ছিল। তবে এবার সেই চেনা ছবি অনেকটাই বদলে যাচ্ছে।
সংখ্যালঘু অধ্যুষিত সুতি থানা থেকে শুরু করে শক্তিপুর, ফরাক্কা, সামশেরগঞ্জ ও সাগরদিঘি থানায় এখন জোরকদমে প্রস্তুতি চলছে। সুতি থানায় সুদৃশ্য মণ্ডপ তৈরির পাশাপাশি প্রায় ৮ হাজার মানুষের জন্য নরনারায়ণ সেবা, বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া ফরাক্কার এনটিপিসি ফাঁড়িতে নতুন মন্দির প্রতিষ্ঠা ও স্থায়ী প্রতিমা স্থাপনের পাশাপাশি বিভিন্ন স্থানে বর্ণাঢ্য বিচিত্রানুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। শক্তিপুর থানায় পাথরের মূর্তিতে নতুন রং করা হচ্ছে এবং ১২ হাজার মানুষের অন্নসংস্থানের আয়োজন করা হয়েছে।