নিউটাউন মিনি জু-তে রাজকীয় চমক, বাঘিনিকে ঘিরে তুঙ্গে জল্পনা!
বার্তা ডেস্কঃ
আলিপুর চিড়িয়াখানার পর এবার নিউটাউনের হরিণালয়ে দেখা মিলবে রয়্যাল বেঙ্গল টাইগারের। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী বছরের মে মাসের মধ্যে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক থেকে এখানে বাঘ আনার পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি নিউটাউনের মিনি জু পরিদর্শন করে বনমন্ত্রী মনোজ ওঁরাও জানান, বাঘ রাখার জন্য বিশেষ পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষ। ৭০ শতাংশের বেশি খোলা অংশ, কৃত্রিম গুহা, কাচের দেওয়াল ও বৈদ্যুতিক নিরাপত্তার সমন্বয়ে তৈরি এই এনক্লোজার খতিয়ে দেখে সেন্ট্রাল জু অথরিটির (সিজেডএ) কাছে অনুমতির আবেদন জানানো হবে। অনুমোদন পেলেই সাড়ে ১২ একরের এই প্রাঙ্গণে জিরাফ ও শিম্পাঞ্জির পাশাপাশি এবার দেখা মিলবে বাঘের।
অন্যদিকে, বক্সা ব্যাঘ্র প্রকল্পে ছাড়া বিহারের বাল্মিকি জাতীয় উদ্যান থেকে আনা বাঘিনিটি সীমানা পেরিয়ে আসামের রায়মনা জাতীয় উদ্যানে চলে গিয়েছে। ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে জানা গিয়েছে যে বাঘিনিটি বর্তমানে রায়মনার গভীর জঙ্গলে সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছে। বনকর্তারা জানিয়েছেন, বক্সা ও রায়মনা একই প্রাকৃতিক ল্যান্ডস্কেপের অংশ হওয়ায় প্রাণীদের এই যাতায়াত স্বাভাবিক। তবে বাঘিনিটিকে পুনরায় বক্সার জঙ্গলে ফিরিয়ে আনতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই বিষয়ে আসামের বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে শীঘ্রই বৈঠকে বসবেন বলে নিশ্চিত করেছেন বনমন্ত্রী।