বাংলার গর্ব! কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক পেলেন ৮ পুলিশ অফিসার
বার্তা ডেস্কঃ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ঘোষিত মর্যাদাপূর্ণ কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক অর্জন করেছেন বাংলার আট জন কৃতি পুলিশ অফিসার। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে ঘোষিত এই সম্মানপ্রাপকদের তালিকায় নাম রয়েছে রাজ্যের বিভিন্ন জেলার চৌকস অফিসারদের। অতীতে রাজ্য ও কেন্দ্রের সম্পর্কের জেরে এই তালিকায় নাম পাঠানো হতো না বলে অভিযোগ উঠলেও, বর্তমান পরিস্থিতিতে সেই দূরত্ব ঘুচে যাওয়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে তালিকা পাঠানো হয়। এর ফলেই বাংলার পুলিশ অফিসাররা জাতীয় স্তরে এই বিশেষ স্বীকৃতি অর্জন করলেন, যা রাজ্যবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, এ বছর এই পদক পেয়েছেন ইন্সপেক্টর রামগোপাল পাল এবং সাব ইন্সপেক্টর মানসচন্দ্র দত্ত, জয়ন্তকুমার চক্রবর্তী, তেনজিং ভুটিয়া, শংকর দে, চানকু ভুটিয়া, কৌশিক বসাক ও সমীর ঘোষ। গোয়েন্দা বিভাগ, সন্ত্রাস দমন, নকশাল বিরোধী অভিযান এবং জটিল অপরাধ দমনে সাহসিকতা ও দক্ষতার নিরিখে দেশজুড়ে মোট ৪৯০ জন অফিসারকে এই সম্মান জানানো হয়েছে। এর মধ্যে সিআরপিএফ ও সিবিআইয়ের পাশাপাশি বিভিন্ন রাজ্যের পুলিশ কর্মীরাও স্থান পেয়েছেন। ২০২৪ সাল থেকে প্রবর্তিত এই পদকে বাংলার অফিসারদের এই সাফল্য রাজ্য পুলিশের মুকুটে নতুন পালক যোগ করেছে।